আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের এক বছর পর ফের তীব্র সমালোচনার মুখে সিবিআই। নির্যাতিতার বাবা-মায়ের পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
শনিবার দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সব পক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করা হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন।”
নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্যাতিতার বাবা-মা এখনও বিচার পাননি। সাধারণ মানুষ বিশ্বাস করেন, এই মামলায় সুবিচার হয়নি বলেই তারা রাস্তায় নেমেছেন। কিন্তু শাসকদল এই ঘটনা চেপে দিতে চাইছে। সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে বলেই এত কড়াকড়ি করছে। এখন এটি কোনও রাজনৈতিক দলের সীমাবদ্ধ আন্দোলন নয়, বরং জনআন্দোলনে রূপ নিয়েছে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট নাইট শিফটে কাজ করতে গিয়ে আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। পরে হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নামে এবং সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরে হাই কোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তবে এতদিনে সঞ্জয় ছাড়া আর কাউকে গ্রেপ্তার না করায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভয়ার বাবা-মায়ের দাবি, এই ঘটনায় আরও বহুজন জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয়নি। সেই সুরেই এবার তদন্ত বদলের দাবি তুললেন দিলীপ ঘোষ।


