উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের মিলনপাড়া এলাকায় চা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন চারজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও প্রতিবেশীরা মিলে একসাথে চা পান করছিলেন রিতা দাস (৩৪), প্রশান্ত মহন্ত (৩৫), সরস্বতী সিং (৩৬) ও বিপ্লব সিং (১৮)। হঠাৎই চা খাওয়ার পর তারা মাথা ঘোরা ও বমি ভাব অনুভব করেন এবং একে একে মাটিতে লুটিয়ে পড়েন।
তৎক্ষণাৎ স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে পুলিশ রিতা দাসের পুত্র ও পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন—চায়ের মধ্যে বিষ মিশিয়েছিলেন তারা। পরে পুলিশ তাদের বাড়ি থেকে বিষ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার কারণ ও পটভূমি খতিয়ে দেখছে।


