সেপ্টেম্বরেই উত্তর-পূর্বে পা রাখতে পারেন নরেন্দ্র মোদি
২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি-মেতেই সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, গৃহহারা হয়েছেন হাজার হাজার। শান্তি ফেরানোর নানা উদ্যোগ নেওয়া হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্য।
এই পরিস্থিতিতে গত দু’বছর ধরে বিরোধীদের প্রধান অভিযোগ— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারও মণিপুরে পা রাখেননি। শেষবার তিনি সেখানে গিয়েছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে, অর্থাৎ হিংসা ছড়ানোর আগেই। তারপর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে একাধিকবার বিবৃতি দিলেও প্রধানমন্ত্রী কার্যত নীরব থেকেছেন।
অন্যদিকে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী একাধিকবার মণিপুর সফরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তাতে সরকারের উপর চাপ আরও বেড়েছে। বিরোধীদের লাগাতার সমালোচনার মুখে এবার প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা তৈরি হয়েছে।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মণিপুর সফরের পরিকল্পনা করছে কেন্দ্র। যদিও সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি, তবে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই খবর।
দীর্ঘ আড়াই বছর পর উত্তপ্ত মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই তীব্র কৌতূহল তৈরি হয়েছে।


