ঝাড়গ্রামে চাঞ্চল্য: ঘর ভেতর উদ্ধার মা ও সাড়ে তিন বছরের সন্তানের দেহ

Spread the love

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া এলাকায় মর্মান্তিক ঘটনা। ঘরের ভিতর থেকে উদ্ধার হল বছর পঁচিশের এক তরুণী মা ও তাঁর সাড়ে তিন বছরের সন্তানের দেহ। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁদের দেখতে পাওয়া যায়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিবানী দেহুরী। স্বামী মৃত্যুঞ্জয় দেহুরী অনলাইন প্রোডাক্ট ডেলিভারির কাজে যুক্ত। পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন শিবানী। ঘটনার দিন স্বামী ও তাঁর ভাই কাজে বাইরে গিয়েছিলেন। মাঠে গিয়েছিলেন শ্বশুর-শাশুড়িও। বাড়িতে ছিলেন শুধুমাত্র ছোট বউ।

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিবানী নিজের ঘরে ছেলে শিশুকে নিয়ে দরজা বন্ধ করেন। ভেবেছিলেন ছেলেকে ঘুম পাড়াচ্ছেন। কিন্তু দুপুর গড়ালেও ঘরের দরজা খোলা হয়নি। পরিবারের সদস্যরা ফিরে এসে বারবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনও সাড়া মেলেনি। অবশেষে দরজা ভেঙে দেখা যায়, মা ও ছেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনাই মনে করা হচ্ছে। তবে শিশুকে ‘খুন’ করে মা আত্মঘাতী হয়েছেন, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে— তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের বড় কোনও আর্থিক সমস্যা ছিল না। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও মনোমালিন্য চলছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *