হাই কোর্টে মুখ্যসচিব, সংশোধনাগার ও নিম্ন আদালতের উন্নয়নে রাজ্যের বরাদ্দ ১০ কোটি টাকা

Spread the love

রাজ্যের সংশোধনাগার ও নিম্ন আদালতের পরিকাঠামো সংস্কারের জন্য অবশেষে পদক্ষেপ নিল সরকার। বৃহস্পতিবার হাই কোর্টে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, ইতিমধ্যেই ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং খুব শিগগিরই আরও অর্থ ছাড় করা হবে।

এই মামলা শুরু হয়েছিল সংশোধনাগারে উন্নয়নমূলক অর্থ বরাদ্দ না হওয়া নিয়ে অভিযোগের ভিত্তিতে। আদালতের নির্দেশে ভার্চুয়ালি হাজির হয়ে মুখ্যসচিব জানান, “গত ২৯ আগস্ট থেকে বাইরে আছি, তবু সব খোঁজখবর নিয়েই বলছি।”

তবে বিচারপতিদের কড়া মন্তব্য, শুধু ১০ বা ১৭ কোটি নয়, মোট কত অর্থ রিকুইজিশন দেওয়া হয়েছে, তার জবাব চাই আদালত। বিচারপতি দেবাংশু বসাক বলেন, “নিম্ন আদালতের অবস্থা এমন যে প্রিন্টারের কার্টিজ নেই, কাগজও শেষ। অথচ রাজ্যের দায়িত্ব আদালতের মৌলিক পরিকাঠামো চালু রাখা।”

আদালত-বান্ধব তাপস ভঞ্জ জানান, অন্তত ৫৫টি প্রকল্প আটকে আছে, যার মধ্যে নতুন ভবন নির্মাণও রয়েছে। গত বছর ডিসেম্বর থেকে একাধিকবার তাগাদা দিলেও পদক্ষেপ হয়নি বলে অভিযোগ।

সবশেষে আদালত জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন মুখ্যসচিবকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *