বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে তাঁর এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে।
বৃহস্পতিবার ‘এবিপি আনন্দ’-এর এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, ‘‘বিজেপির হয়ে লড়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে। কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি।’’ এর দায় তিনি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে।
অভিজিৎ আরও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় এজেন্সি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও।
বাংলা বিজেপির নেতৃত্ব নিয়ে তাঁর অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘অবাঙালি নেতৃত্বের দাপট বাংলার মানুষ ভালোভাবে নেয় না। উত্তর ভারতের সঙ্গে বাংলার ভাবনা এক নয়। হিন্দি বলয় থেকে নেতা এনে এখানে ভোট করানো যাবে না।’’
তাঁর এই মন্তব্যে অস্বস্তিতে বঙ্গ বিজেপি শিবির, বিশেষ করে নির্বাচনের আগে এমন বিস্ফোরক বক্তব্যে নতুন করে চাপে পড়েছে দল।


