টানা বর্ষণে ভেস্তে গেল আকাশপথের পরিকল্পনা। তাই শুক্রবার সকালেই সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও অব্যাহত থাকায় শেষ মুহূর্তে বদলাতে হয় সফরের রুট। বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা পেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। গোটা পথে ছিল কড়া নিরাপত্তা।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই শুভেন্দু অধিকারীর প্রথম মুর্শিদাবাদ সফর। বহরমপুরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পরে রেজিনগরে রয়েছে দলীয় জনসভা।
এই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপও তুঙ্গে। গত ২৯ জুন বিধানসভায় আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদে যাওয়ার ঘোষণা করে বলেছিলেন, আইনই শেষ কথা বলবে। সেই ঘোষণার পরই আজ তাঁর সফর। উল্লেখ্য, রেজিনগরই হুমায়ুন কবীরের রাজনৈতিক ঘাঁটি। ফলে মুখ্যমন্ত্রীর সভা থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


