দিল্লিতে Enforcement Directorate (ED)-এর সদর দপ্তরে হাজিরা দিয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাদা শার্ট ও জিনস পরে অঙ্কুশ হাজরা ED অফিসে পৌঁছান। তার হাতে ছিল কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র।
সূত্রের খবর, ED জানতে চাচ্ছে অঙ্কুশের বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে চুক্তির বিস্তারিত শর্তাবলী, কত টাকা পেয়েছেন, এবং কখন কোন সময়ে কোন অ্যাপ বা ওয়েবসাইটের প্রচারে তিনি জড়িত হয়েছিলেন। পাশাপাশি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব হিসেবও দেখতে চাইছে তদন্তকারীরা।
এদিন একই মামলায় বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলাকেও ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে গত কয়েক মাসে হরভজন সিং, সুরেশ রায়না, বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী সহ অনেক বলিউড ও দক্ষিণী তারকা এই অনলাইন বেটিং প্ল্যাটফর্মের প্রচারের অভিযোগে তদন্তে জড়িত হয়েছেন।
এই অভিযোগ অনুসারে, অনলাইন বেটিং কোম্পানিগুলি জনপ্রিয় তারকাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যবহার করে তাদের অ্যাপ ও ওয়েবসাইটের প্রচার করছে। এর ফলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ আকৃষ্ট হয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন।
তদন্তকারীরা আশঙ্কা করছেন, এই ধরনের প্রচার এবং তারকাদের প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষ জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। তাই এই মামলায় এখনো আরও তারকাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।


