পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেঁচুড়ি গ্রামে বোমা বিস্ফোরণে সম্পূর্ণ ধুলিস্যাৎ একটি পরিতক্ত বাড়ির শৌচালয়। ঘটনাটি ঘটার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণে মানুষজন কেঁপে ওঠেন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটার পর। দেখা যায় একটি পরিত্যক্ত শৌচালয় সম্পূর্ণ ভেঙ্গে গুঁড়িয়ে গেছে। বাতাস বারুদের গন্ধে ভরে গেছে। এরপরই থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
তদন্তকারীদের অনুমান শৌচালয় একাধিক বোমা মজুত করা ছিল। সবকটি বোমা একসঙ্গে ফেটেছে। বিস্ফোরণের তীব্রতা অত্যন্ত বেশি ছিল যার ফলে গোটা পাকা শৌচালয় ভেঙে গুঁড়িয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই শৌচালয়ের কাছেই রয়েছে পরিত্যক্ত একটি বাড়ি। বাড়িটি মেহেবুব আলমের। তিনি কর্মসূত্রে বাইরে থাকেন।
শুধু এই পরিত্যক্ত বাড়ি ,নাকি তার আশেপাশে আরও বোমা মজুত করে রাখা আছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এর পেছনে কোন নাশকতার ছক রয়েছে কিনা তাও তারা খতিয়ে দেখছে।


