বিশ্ব ফ্যাশনের অন্যতম বড় মঞ্চ Met Gala-য় এ বছর শুধুই পোশাক বা গয়নার চাকচিক্য নয়, আবেগ দিয়েও নজর কাড়লেন Isha Ambani। বিলাসবহুল সাজের মধ্যেও তিনি যেন তুলে ধরলেন মা-মেয়ের এক গভীর সম্পর্কের গল্প।
ডিজাইনার Gaurav Gupta-র তৈরি বিশেষ শাড়িতে লাল গালিচায় হাজির হন ঈশা। তবে সবচেয়ে বেশি চর্চায় আসে তাঁর ব্লাউজ। কারণ, সেই পোশাকে জড়িয়ে ছিল মা Nita Ambani-র ব্যক্তিগত গয়নার সংগ্রহ। হীরা, পান্না ও মূল্যবান রত্নখচিত সেই ব্লাউজ শুধু আভিজাত্যের প্রতীক ছিল না, ছিল পারিবারিক স্মৃতিরও বাহক।
মেট গালার প্রস্তুতির ফাঁকে ধরা পড়ে এক বিশেষ মুহূর্ত। জুয়েলারি ইনফ্লুয়েন্সার Julia Hackman Chafé ঈশার সাজ নিয়ে জানতে চাইলে তিনি হাসিমুখে নিজের ব্লাউজের দিকে দেখিয়ে বারবার বলেন, “মম… মম…”। সেই এক শব্দেই যেন স্পষ্ট হয়ে যায়— এই সাজের সবচেয়ে মূল্যবান অংশ আসলে মায়ের স্মৃতি।
পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশের মতে, যেখানে মেট গালায় সাধারণত চমক আর অতিনাটকীয় ফ্যাশনই কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেখানে ঈশার এই আবেগঘন মুহূর্ত আলাদা মাত্রা এনে দিয়েছে।
শোনা যাচ্ছে, গোটা লুকে ব্যবহার করা হয়েছে প্রায় ১৮০০ ক্যারেটেরও বেশি হীরা ও মূল্যবান পাথর। ভারতের বিভিন্ন প্রান্তের কারিগরদের হাতে তৈরি সেই সূক্ষ্ম কাজ আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শিল্পকেও তুলে ধরেছে নতুনভাবে।
এতেই শেষ নয়। নিজের লুক সম্পূর্ণ করতে সঙ্গে নিয়েছিলেন শিল্পী Subodh Gupta-র তৈরি আমের আকৃতির এক বিশেষ আর্ট পিস। ভারতীয় সংস্কৃতির পরিচিত প্রতীক আমকে ফ্যাশনের অংশ করে ঈশা যেন আরও একবার বুঝিয়ে দিলেন— বিশ্বমঞ্চেও ভারতীয় পরিচয়কে গর্বের সঙ্গে বহন করাই তাঁর আসল স্টাইল স্টেটমেন্ট।
মেট গালার ঝলমলে আলোয় তাই শুধু হীরের দীপ্তিই নয়, এদিন আলাদা করে নজর কাড়ল এক মেয়ের মায়ের প্রতি ভালোবাসাও।


