দ্বিতীয় দফার ভোটের দিন সন্ধ্যা নামতেই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। আগেই সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতো সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। ফলে ছাতা মাথায় নিয়েই ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে বহু মানুষকে।
তবে সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়। শুরু হয় মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট পাঁচ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলিতেও সন্ধ্যা থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। লাগাতার বর্ষণে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে।


