মাধ্যমিকের সকালে শহর সচল রাখতে আগাম প্রস্তুতি

Spread the love

মাধ্যমিক পরীক্ষা মানেই শহরের ভোরটা অন্যরকম। হাজার হাজার পরীক্ষার্থী একসঙ্গে রাস্তায় বেরোয়। সেই ভিড়ের মধ্যেও যাতে কারও দেরি না হয়, সেই কথা ভেবেই আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।
২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ক’দিন সকালে কলকাতা পুলিশের অধীনস্থ এলাকাগুলিতে পণ্যবাহী গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। মূলত সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই নিয়ম কার্যকর হবে। তবে ভাঙড় এলাকায় এই নিষেধাজ্ঞা থাকছে না।
পুলিশ সূত্রে খবর, পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশের রাস্তায় বিশেষ নজরদারি থাকবে। প্রয়োজনে কিছু রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হতে পারে, আবার কোথাও গাড়িকে ঘুরপথে পাঠানো হবে। পরিস্থিতি বুঝেই নেওয়া হবে সিদ্ধান্ত।
তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। দুধ, ওষুধ, অক্সিজেন, পেট্রোলিয়াম, এলপিজি সিলিন্ডার, শাকসবজি, ফল ও মাছ বহনকারী গাড়ি পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা পর্যন্ত চলতে পারবে।
মাধ্যমিকের সকালে যাতে কোনও পরীক্ষার্থীর দুশ্চিন্তা না থাকে, সেই লক্ষ্যেই শহর জুড়ে এই প্রস্তুতি—এটাই বার্তা প্রশাসনের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *