ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই পরিস্থিতি হাতের বাইরে। তৃণমূলনেত্রীকে দেখতে গার্ডরেল সরিয়ে মঞ্চের দিকে ছুটে যান হাজার হাজার মানুষ। মুহূর্তে বাড়তে থাকে ভিড়, কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাথিড্রাল রোড।
ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একাধিক গাড়ি। আটকে যায় অ্যাম্বুল্যান্সও। পরিস্থিতি দেখে মঞ্চ থেকেই গাড়িগুলিকে আগে পাস করিয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী-সমর্থকদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার কথাও বলেন তিনি।
তবে সভাস্থলে গাড়ি ঢোকার ঘটনায় পুলিশের বিরুদ্ধেই সরব হন মমতা। মঞ্চ থেকে প্রশ্ন তোলেন, এত নিরাপত্তার মধ্যেও কীভাবে সমাবেশের ভিতরে গাড়ি ঢুকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলনেত্রী।
মমতা পৌঁছতেই জনস্রোত, ভিড়ের চাপে থমকে গেল সভা—ক্যাথিড্রাল রোডে কার্যত তৈরি হল বিশৃঙ্খল পরিস্থিতি।


