উৎসবের মরশুমে মধ্যবিত্তের মুখে হাসি। লিটার প্রতি ২ টাকা দুধের দাম কমানোর ঘোষণা করল মাদার ডেয়ারি। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন দাম। শুধু দুধই নয়, পনির, মাখন, ঘি এবং আইসক্রিমের দামও কমানো হয়েছে।
সংস্থার ঘোষণামতে—
এক লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকা থেকে কমে হচ্ছে ৭৫ টাকা।
৪৫০ মিলি ডবল টোনড পাউচ দুধ ৩৩ টাকা থেকে নামিয়ে করা হচ্ছে ৩২ টাকা।
৫০০ গ্রাম মাখনের প্যাকেটের দাম ৩০৫ টাকা থেকে কমে হচ্ছে ২৮৫ টাকা।
একটি বাটারস্কচ কোন আইসক্রিম ৩৫ টাকা থেকে কমে হতে চলেছে ৩০ টাকা।
তবে সংস্থা স্পষ্ট জানিয়েছে, সাধারণ প্যাকেট দুধের দামে কোনও পরিবর্তন হবে না। কারণ, এটি আগেই জিএসটি মুক্ত। জিএসটি কাঠামোয় বদলের পর প্রথমবার দুধের দাম কমাল মাদার ডেয়ারি। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী আমূল এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ঘোষণা করেনি।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের বাজারে এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে মধ্যবিত্ত পরিবার। অনেকেই বলছেন, “অন্তত ছেলেমেয়েদের পুষ্টির দিকটা কিছুটা হলেও নিশ্চিন্ত করা গেল।”


