কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্য ফের তীব্র বিতর্কের জন্ম দিল দেশের রাজনৈতিক অঙ্গনে। দিল্লিতে অনুষ্ঠিত বার্ষিক লিগ্যাল কনক্লেভ ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন— “আমি যখন কৃষি আইনের বিরুদ্ধে লড়ছিলাম, তখন অরুণ জেটলি আমাকে হুমকি দিতে এসেছিলেন। তিনি বলেছিলেন, যদি বিরোধিতা চালিয়ে যাই, তাহলে সরকার ব্যবস্থা নেবে।”
এই মন্তব্যেই ছড়িয়েছে চাঞ্চল্য। কারণ, অরুণ জেটলি প্রয়াত হন ২০১৯ সালের ২৪ আগস্ট। অথচ রাহুল যে প্রসঙ্গ উল্লেখ করছেন, তা ২০২০ সালের ঘটনা— যখন কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আকারে বিতর্কিত তিনটি কৃষি আইন আনেন। এই আইনগুলি পরে সেপ্টেম্বর ২০২০-তে সংসদে পাশ হয় এবং প্রবল আন্দোলনের মুখে ২০২১ সালের নভেম্বর মাসে প্রত্যাহার করা হয়।
রাহুলের মন্তব্য স্বাভাবিকভাবেই নেটমাধ্যম ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই একে ইতিহাস বিকৃতি ও “চরম অসতর্ক মন্তব্য” বলে উল্লেখ করেছেন। বিজেপি তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, একজন প্রয়াত নেতার নাম ব্যবহার করে এভাবে রাজনৈতিক লাভ তোলা অনৈতিক ও দৃষ্টিকটূ।
অরুণ জেটলি ছিলেন মোদি সরকারের মূল স্তম্ভদের একজন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দেশজুড়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার, যেমন জিএসটি ও দেউলিয়া আইন চালু করার নেপথ্য কারিগর ছিলেন তিনি। তাঁর অবদান ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
রাহুল গান্ধীর এই দাবি অনিচ্ছাকৃত ভুল না কি পরিকল্পিত রাজনৈতিক চমক— তা নিয়েই এখন বিতর্ক তুঙ্গে। রাজনৈতিক মহল বলছে, একটি সরাসরি ফ্যাক্টচেকের মুখে পড়েছে রাহুলের বক্তব্য, এবং এই মন্তব্যে তাঁর বিশ্বাসযোগ্যতা আরও একবার প্রশ্নের মুখে।


