ব্রহ্মমুহূর্তে মুক্তি, আর মুক্তির কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলার ঘিরে এখন একটাই আলোচনা—এ কি টিজারের সমালোচনার জবাব?
টিজার প্রকাশের পর ভিএফএক্স, চরিত্রের লুক, রাক্ষসদের ডিজাইন থেকে শুরু করে সীতার উপস্থিতি—সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সমালোচনার পর ট্রেলারে যেন একেবারে অন্য ছবি। রামের ভূমিকায় রণবীর কাপুরের সংযত উপস্থিতি, রাবণ হিসেবে যশের ভয়ংকর লুক এবং সাই পল্লবীর সীতা—তিনজনই দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
সবচেয়ে বেশি নজর কেড়েছে রাক্ষসদের নতুন ডিজাইন। নেটিজেনদের একাংশের দাবি, টিজারের তুলনায় ভিএফএক্স অনেক বেশি বাস্তবসম্মত এবং আন্তর্জাতিক মানের। অনেকেই লিখেছেন, দর্শকের সমালোচনাকে গুরুত্ব দিয়েই শেষ মুহূর্তে একাধিক পরিবর্তন করেছেন নির্মাতারা।
কিন্তু প্রশংসার মাঝেই নতুন বিতর্ক। প্রায় চার মিনিটের ট্রেলারে একবারও দেখা গেল না হনুমানকে। অথচ ছবিতে এই চরিত্রে রয়েছেন সানি দেওল। তাহলে কি ইচ্ছাকৃতভাবেই তাঁর ফার্স্ট লুক লুকিয়ে রাখা হয়েছে? নাকি দ্বিতীয় পর্বের জন্যই রাখা হয়েছে সবচেয়ে বড় চমক?
দুই ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। তাই অনেকের বিশ্বাস, হনুমানের আত্মপ্রকাশই হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় সারপ্রাইজ। ট্রেলার প্রশংসা পেয়েছে ঠিকই, কিন্তু এখন দর্শকের একটাই অপেক্ষা—কবে সামনে আসবেন হনুমান?


