কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবারও চর্চার কেন্দ্রে অভিনেত্রী রুচি গুজ্জর। তবে শুধুই ফ্যাশনের জন্য নয়, তাঁর সাজে ছিল স্পষ্ট রাজনৈতিক ও সামাজিক বার্তা। একমাথা গোলাপি ঘোমটা, হাতে পদ্মফুল ডিজাইনের হাতফুল, আর ঘোমটার গায়ে গেরুয়া পদ্মের নকশা— সব মিলিয়ে নজর কাড়েন তিনি।
রুচির দাবি, এই সাজ শুধুমাত্র ঐতিহ্য তুলে ধরার জন্য নয়, বরং ঘোমটা প্রথার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর কথায়, আজও দেশের বহু জায়গায় নারীদের ঘোমটার আড়ালে নিজেদের পরিচয় হারাতে হয়। সেই কারণেই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি এই প্রথা বন্ধের বার্তা দিতে চেয়েছেন।
একই সঙ্গে তাঁর সাজে ছিল রাজনৈতিক ইঙ্গিতও। এর আগেও নরেন্দ্র মোদির ছবিযুক্ত হার পরে কান কার্পেটে হাজির হয়ে শিরোনামে এসেছিলেন রুচি। এবার পদ্ম প্রতীক ব্যবহার করায় জল্পনা আরও বেড়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, নারী ক্ষমতায়ন ও পরিবর্তনের রাজনীতির বার্তাই তিনি দিতে চেয়েছেন এই সাজের মাধ্যমে।
নেটমাধ্যমে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, এটি সাহসী সামাজিক প্রতিবাদ। আবার কারও মতে, আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক প্রচারের জায়গা বানানো উচিত নয়। তবে বিতর্ক যাই হোক, কান কার্পেটে রুচির এই উপস্থিতি যে নজর কেড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।


