বছরের শুরু থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর। গোমাংস বিতর্কের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে একসময় সোশ্যাল মিডিয়া থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। এরপর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের সঙ্গে প্রকাশ্য বিবাদ, স্যান্ডি সাহার অভিযোগ, এমনকি বন্ধু দেবলীনা নন্দীর ডিভোর্সের নেপথ্যে তাঁর নাম জড়িয়ে নানা কটাক্ষ—গত কয়েক মাসে বারবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে সায়কের নাম।
এবার সেই বিতর্কই কি তাঁকে পৌঁছে দিচ্ছে বাংলার সবচেয়ে বড় রিয়্যালিটি শোয়ের মঞ্চে? টলিপাড়ায় জোর গুঞ্জন, আসন্ন ‘বিগ বস বাংলা’-য় প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে সায়ক চক্রবর্তীকে। যদিও চ্যানেলের তরফে এখনও কোনও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে জল্পনা উড়িয়ে না দিয়ে বরং রহস্য আরও বাড়িয়ে দেন সায়ক। তাঁর কথায়, “ভালো কিছু ঘটতেই পারে। তবে এখনই কিছু বলতে চাইছি না। একটু ধৈর্য ধরুন, কারণ সবুরে মেওয়া ফলে…” এরপর আর কোনও মন্তব্য করতে চাননি তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা’। ইতিমধ্যেই যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের কাছেও শোয়ের প্রস্তাব গিয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে। যদিও সেই খবরেরও সরকারি নিশ্চিতকরণ হয়নি। এর মধ্যেই সায়ককে ঘিরে নতুন জল্পনা শো শুরুর আগেই দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এখন নজর চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।


