স্বস্তিকার হাতে কি উঠছে ‘দিদি নম্বর ১’-এর দায়িত্ব? রচনাকে ঘিরে প্রশ্ন

Spread the love

বিগত একযুগেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ১’-এর সমার্থক নাম রচনা বন্দ্যোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে তিনি শুধু সফলই নন, বাংলার দর্শকদের কাছে হয়ে উঠেছেন ঘরের মেয়ে, প্রিয় ‘দিদি’। তবে সম্প্রতি তাঁকে নিয়মিতভাবে শোয়ের মঞ্চে দেখা না যাওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। টেলিপাড়ার অন্দরে এখন একটাই প্রশ্ন—‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের আসনে কি তবে আর দেখা যাবে না রচনাকে?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শোয়ের নির্মাতারা নাকি ‘দিদি নম্বর ১’-কে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন। দীর্ঘদিন ধরে একই ফরম্যাটে চলার পর এবার অনুষ্ঠানটিতে কিছু পরিবর্তন আনার ভাবনা চলছে। সেই কারণেই সঞ্চালকের আসনেও নতুন মুখ আনার পরিকল্পনা করা হয়েছে বলে গুঞ্জন। আর সেই তালিকায় উঠে এসেছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে স্বস্তিকার নাম ঘিরে তৈরি হওয়া জল্পনা আপাতত গুঞ্জনের স্তরেই রয়েছে।

অন্যদিকে, এই সম্ভাব্য পরিবর্তনের নেপথ্যে রাজনৈতিক কারণও খুঁজছেন অনেকেই। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত একাধিক পরিচিত মুখকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ হওয়ায় তাঁর রাজনৈতিক পরিচয়ও আলোচনায় এসেছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যাতে শোয়ের জনপ্রিয়তা বা টিআরপিতে কোনও প্রভাব না পড়ে, সেই ভাবনা থেকেও নির্মাতারা বিকল্প পরিকল্পনা করে থাকতে পারেন।

তবে এর মধ্যেই জল্পনায় নতুন মোড়। মঙ্গলবার দিল্লিতে গিয়ে তৃণমূলের ‘বিদ্রোহী ব্লকে’ যোগ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই শোনা যাচ্ছে, বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের জেরে সঞ্চালক পরিবর্তনের পরিকল্পনা নাকি আপাতত স্থগিত রাখা হয়েছে। এমনকি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে রচনাই বহাল থাকতে পারেন বলেও দাবি বিভিন্ন সূত্রের।

তবে বাস্তবে কী হতে চলেছে, তা নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। রচনা বন্দ্যোপাধ্যায় থাকছেন, নাকি তাঁর জায়গায় আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়—এই প্রশ্নের উত্তর পেতে এখন অপেক্ষা করতেই হবে দর্শকদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *