এশিয়া কাপে রবিবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু বহুল প্রতীক্ষিত এই ম্যাচেও উত্তেজনার ছবির বদলে স্পষ্ট হয়ে উঠল দূরত্ব। রাজনৈতিক পরিস্থিতি এবং পহেলগাঁও হামলার রেশ টেনে এনেছিল বয়কটের আবহ।ম্যাচ শুরুর আগে টস করতে নামেন দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সলমন আলি আঘা। নিয়ম অনুযায়ী টসের পর করমর্দন করার কথা থাকলেও দু’জনই তা এড়িয়ে যান। কেবল খেলায় মন দিলেও সৌজন্যের বিনিময় অনুপস্থিত ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। জাতীয় সঙ্গীতের সময় একসঙ্গে দাঁড়ালেও হাত মেলাতে দেখা যায়নি ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেটারদের।তবে মাঠের বাইরের পরিবেশেই সবচেয়ে বড় প্রভাব পড়েছে। ভারত-পাক ম্যাচ মানেই দর্শক-ভরা স্টেডিয়াম। অথচ এদিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের একাধিক আসন ফাঁকা রইল। ভারতীয় সমর্থকদের একাংশ সচেতনভাবে ম্যাচ বয়কট করেন। অনেকে আবার টিকিটের অস্বাভাবিক দামের কারণে খেলা দেখতে আসতে পারেননি।ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে দর্শক-আবেগে ভরা যে আবহ তৈরি হওয়ার কথা ছিল, তা দেখা গেল না। মাঠে খেলা হলেও গ্যালারিতে অনুপস্থিত ছিল সেই ঐতিহাসিক ভারত-পাক উত্তেজনা।


