ঘরে ফিরলেন রিচা ঘোষ, উচ্ছ্বাসে ভেসে গেল শিলিগুড়ি

Spread the love

দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে ফিরলেন বঙ্গকন্যা রিচা ঘোষ। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামতেই তাঁকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ। ফুলে সাজানো হুড খোলা জিপে বিমানবন্দর থেকে নিজের বাড়ির পথে রওনা দেন রিচা। পথজুড়ে শুধু উচ্ছ্বাস আর করতালি।

নিজের শহরে ফিরে রিচা বলেন, “শিলিগুড়িতে এভাবে ফিরতে পেরে খুব ভালো লাগছে।”

সুভাষপল্লির রিচার বাড়ি আজ উৎসবের সাজে সেজে উঠেছে। আলো, ফুল আর হাসিতে ভরে উঠেছে আশপাশের পাড়া। মেয়েকে ঘরে পেয়ে আনন্দে চোখ ভিজে গেল মা স্বপ্না ঘোষের। মেয়ের পছন্দের ফ্রায়েড রাইস, পনির আর মিক্সড ভেজ তৈরি রেখেছেন তিনি।

বিকেলে বাঘাযতীন পার্কে রিচার জন্য নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে শিলিগুড়ি প্রশাসন ও ক্রীড়া সংস্থা। উপস্থিত থাকবেন ক্লাব, স্কুল ও মহিলা ক্রিকেট সংগঠনের প্রতিনিধিরা। বাড়ি থেকে পার্ক পর্যন্ত রিচার জন্য পাতা হয়েছে রেড কার্পেট।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে পুলিশে চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে।

৫২ বছর পর বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল। এই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়িকা রিচা ঘোষ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৪ রানের ইনিংস থেকে শুরু করে ফাইনালের গুরুত্বপূর্ণ পারফরম্যান্স— সব জায়গাতেই নজর কেড়েছেন শিলিগুড়ির এই তরুণী।

আজ শিলিগুড়ির আকাশ যেন গর্বে ভরা— দেশের প্রথম বাঙালি বিশ্বজয়ী রিচা ঘোষ ঘরে ফিরেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *