জঙ্গলমহলে মোদির ম্যারাথন প্রচার, একদিনে চার সভা

Spread the love

ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর নজর জঙ্গলমহল ও রাঢ়বঙ্গ অঞ্চলে। আদিবাসী ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই রবিবার বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে একদিনে চারটি জনসভা করার কর্মসূচি নিয়েছেন তিনি। একই দিনে এতগুলি সভা সচরাচর করেন না প্রধানমন্ত্রী, তাই এই সফর ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে দুর্গাপুরে রাত কাটানোর কথা রয়েছে তাঁর। রবিবার সকালে উড়ে যাবেন বাঁকুড়ায়। বড়জোড়ায় সকাল ১১টা নাগাদ প্রথম জনসভা করবেন তিনি।

তারপর সেখান থেকে যাবেন পুরুলিয়ার বলরামপুর বিধানসভা এলাকায়। সেখানে দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ সভা শুরু হওয়ার কথা। দিনের তৃতীয় সভা হবে ঝাড়গ্রামে। বিকেল ২টা ৪৫ মিনিট নাগাদ ঝাড়গ্রাম শহর সংলগ্ন এলাকায় জনসভা করবেন প্রধানমন্ত্রী।

এরপর দিনের শেষ সভা হবে মেদিনীপুরে। একদিনে টানা চারটি সভার মাধ্যমে রাঢ়বঙ্গের বিস্তীর্ণ অংশে প্রচার সারবেন তিনি।

এছাড়াও আগামী ২৩ এপ্রিল হাওড়ার বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে শালকিয়া পর্যন্ত রোড শো করার সম্ভাবনা রয়েছে। একই দিনে নদিয়ার কৃষ্ণনগরেও একটি সভা করার কথা রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর মাত্র কয়েকদিন বাকি। এই আবহে রাজ্যে ঘনঘন আসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কার্যত ম্যারাথন প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, বাংলার ২৯৪টি আসনে বিজেপির প্রার্থী যেন স্বয়ং মোদিই।

বিজেপির দাবি, সোনার বাংলা গড়ার লক্ষ্যেই রাজ্যে জোরদার প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী। এবার তাঁর বিশেষ নজর জঙ্গলমহলের আদিবাসী ভোটে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *