রাজ্যে পালাবদলের পর একের পর এক নতুন রাজনৈতিক পদক্ষেপ দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল বিজেপির ‘রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার’। ভোটের আগে রাজ্যবাসীর কাছে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কতটা বাস্তবায়িত হল এবং কোন কাজ কতদূর এগোল, তা এবার সরাসরি ট্র্যাকারের মাধ্যমে দেখা যাবে।
বঙ্গ বিজেপি সূত্রে খবর, সরকারের কাজের স্বচ্ছতা বজায় রাখা এবং মানুষের কাছে দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দলের দাবি, শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া নয়, সেগুলি সময়মতো পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। তাই প্রতিটি প্রকল্প ও ঘোষণার অগ্রগতি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার রাজনীতিতে এ ধরনের উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি। ফলে প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে সাধারণ মানুষের সরাসরি নজরদারির সুযোগ তৈরি হবে। বিজেপির দাবি, এই ট্র্যাকার সরকারের উপর মানুষের আস্থা আরও বাড়াবে এবং প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করবে।


