বুলডোজার রাজনীতি নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার, বললেন ‘গরিবের উপর চলছে অত্যাচার’

Spread the love

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেআইনি নির্মাণ ও দখলদারির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় বুলডোজার অভিযান চালানো হয়েছে। হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বর থেকেও সরানো হয়েছে বহু হকার ও অস্থায়ী দোকান। এই পরিস্থিতিতে এবার সরাসরি বিজেপি সরকারকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার রাতে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন মমতা। সেখানে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ক্ষমতার দাপট দেখাতে গিয়ে গরিব মানুষের রুজি-রুটি কেড়ে নেওয়া হচ্ছে। তাঁর কথায়, “বাড়িঘর থেকে ফুটপাথের দোকান, সব জায়গাতেই গরিবরা রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিচ্ছে।”

মমতা আরও লেখেন, বাংলা কখনও বুলডোজারের রাজনীতিকে সমর্থন করে না। ভয় দেখিয়ে, বলপ্রয়োগ করে বা উচ্ছেদ অভিযান চালিয়ে বাংলার মানুষকে শাসন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। হাওড়া স্টেশন এলাকা, তিলজলা ও পার্ক সার্কাসের পরিস্থিতির উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বহু মানুষ আচমকাই আশ্রয় ও জীবিকা হারিয়ে চরম সংকটে পড়েছেন।

পোস্টে তিনি আরও লেখেন, “যে সরকার আগে ভাঙে, পরে শোনে, তারা বাংলার চেতনাকে ভুলে গিয়েছে।” পাশাপাশি তাঁর দাবি, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সাধারণ মানুষের মর্যাদা ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা হয়। শেষে কড়া বার্তা দিয়ে মমতা লেখেন, “রাষ্ট্রে বুলডোজার শাসনের ভাষা হতে পারে না।”

যদিও মমতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল আমলেই বেআইনি দখলদারি ও অবৈধ স্টলের রমরমা বেড়েছিল। বিজেপির বক্তব্য, আইন মেনেই প্রশাসন কাজ করছে এবং কোনও বেআইনি নির্মাণ বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *