দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পর কর্ণাটকের বিখ্যাত কোল্লুর মুকাম্বিকা মন্দিরে পুজো দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। দেবী মুকাম্বিকার আশীর্বাদ প্রার্থনা করে তিনি একটি রুপোর তলোয়ার উৎসর্গ করেন।
ম্যাঙ্গালুরু বিমানবন্দর থেকে সড়কপথে কোল্লুর পৌঁছন বিজয়। মন্দিরে পৌঁছলে প্রধান পুরোহিত রামচন্দ্র আদিগা তাঁকে ঐতিহ্যবাহী ‘পূর্ণকুম্ভ’ সংবর্ধনা জানান।
মন্দির সূত্রে জানা গিয়েছে, দেবীর সামনে প্রতিদিন রুপোর তলোয়ারটি রাখা হোক বলেও ইচ্ছাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি সংকল্প পূজা, পবিত্র সুতো বাঁধা এবং নারকেল ভাঙার মতো একাধিক ধর্মীয় আচারেও অংশ নেন।
প্রায় ২০ মিনিট ধরে মন্দিরে বিশেষ প্রার্থনা ও পূজার্চনা করেন বিজয়। পরে মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের অভিবাদন জানিয়ে তিনি রওনা দেন। উল্লেখযোগ্যভাবে, মন্দির ছাড়ার সময় তাঁকে নিজের সরকারি গাড়ি নিজেই চালাতে দেখা যায়।
রাজনৈতিক মহলেও এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, মুখ্যমন্ত্রী হিসেবে মুকাম্বিকা মন্দিরে দর্শন করতে যাওয়া তামিলনাড়ুর মাত্র তৃতীয় মুখ্যমন্ত্রী হলেন বিজয়। এর আগে এম. জি. রামচন্দ্রন এবং জে. জয়ললিতা এই মন্দিরে পুজো দিয়েছিলেন।
পুজো শেষে ম্যাঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে চেন্নাই ফিরে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।


