রাহুল অরুণোদয়ের মৃত্যুতে সিআইডি তদন্তের ঘোষণা, মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ

Spread the love

প্রায় আড়াই মাস কেটে গেলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্যের জট কাটেনি। শুটিং চলাকালীন তাঁর মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি ঘটনার প্রকৃত কারণ। এই পরিস্থিতিতে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। প্রথম থেকেই ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। ইউনিটের সদস্যদের বক্তব্য এবং তদন্তকারীদের হাতে আসা ফুটেজের মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় রহস্য আরও ঘনীভূত হয়। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল কি না, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ— সেই প্রশ্নগুলির উত্তর এখনও মেলেনি।

রাহুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই ওড়িশা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। এদিকে সম্প্রতি বিষয়টি কেন্দ্রীয় স্তরেও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে বলে সূত্রের দাবি।

রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সম্প্রতি ওড়িশায় বাংলার এক অভিনেতার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। ওড়িশা পুলিশ সিট গঠন করেছে। আমি পুলিশ সুপারকে বলব বিষয়টি মুখ্যসচিবের কাছে পাঠাতে, যাতে সিআইডিকে তদন্তভার দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায়।”

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে রাহুল-মৃত্যু রহস্য। পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল নিরপেক্ষ ও বিস্তৃত তদন্তের। সিআইডি তদন্ত শুরু হলে ঘটনার নেপথ্যে থাকা সমস্ত তথ্য সামনে আসবে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলা বিনোদন মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *