সই জাল কাণ্ডে ফের সিআইডির মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নির্ধারিত সময় মেনে ভবানী ভবনে পৌঁছন তিনি। টানা প্রায় সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৮টা নাগাদ সিআইডি দপ্তর থেকে বেরিয়ে যান অভিষেক। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি গাড়িতে উঠে কালীঘাটের উদ্দেশে রওনা দেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকেও যোগ দেন তিনি।
সই জাল মামলায় দীর্ঘ টালবাহানার পর গত বৃহস্পতিবার প্রথমবার সিআইডির তলবে হাজিরা দিয়েছিলেন অভিষেক। তদন্তকারী মহলের দাবি, সে দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জবাব দেননি। সেই কারণেই তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর।
রবিবারের জেরায় প্রথমে একাই তদন্তকারীদের মুখোমুখি হন অভিষেক। পরে বিকেল সাড়ে ৩টা নাগাদ একই মামলায় হাজিরা দিতে ভবানী ভবনে আসেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তদন্ত সূত্রে জানা গিয়েছে, কিছু সময়ের জন্য দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর কুণাল ভবানী ভবন ছেড়ে বেরিয়ে গেলেও অভিষেককে আরও কয়েক ঘণ্টা ধরে জেরা করেন সিআইডি আধিকারিকরা।
এদিকে সই জাল কাণ্ডের পাশাপাশি একাধিক বিতর্ক ও মামলার জেরে রাজনৈতিক চাপে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কয়লা পাচার মামলায় তাঁর নাম দীর্ঘদিন ধরেই আলোচনায়। সম্প্রতি আমফানের ত্রাণ বণ্টনে অনিয়মের অভিযোগে দায়ের হয়েছে নতুন এফআইআর। পাশাপাশি অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেও শিলিগুড়িতে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
দীর্ঘ জেরার পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে পৌঁছন অভিষেক। সেখানে তাঁর উপস্থিতি ঘিরে বিক্ষোভ ও স্লোগানও শোনা যায়। যদিও গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।


