সেবাশ্রয়-কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে এফআইআর, নড়েচড়ে স্বাস্থ্যভবনও

Spread the love

সেবাশ্রয়ের কথিত ভুল চিকিৎসা ঘিরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জট আরও বাড়ল। মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের নামে এফআইআর দায়ের করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। একইসঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভুক্তভোগী মহিলা ও তাঁর পরিবারকে স্বাস্থ্যভবনে তলব করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

অভিযোগ, হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন মালতী বিশ্বাস। সেখানে তাঁকে কিছু ওষুধ দেওয়া হয়। পরিবারের দাবি, সেই ওষুধ সেবনের পরই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে সেবাশ্রয় থেকেই তাঁকে এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতাল এবং শেষে ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়।

এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগে চিকিৎসায় গাফিলতি, অব্যবস্থা এবং দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এফআইআর রুজু করেছে। এফআইআরে অভিষেকের পিএ সুমিত রায়ের নামও রয়েছে।

ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য দপ্তরও সক্রিয় হয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, সোমবার সকাল ১১টায় সমস্ত চিকিৎসার নথি-সহ মালতী বিশ্বাস ও তাঁর পরিবারকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের বক্তব্য শোনার পাশাপাশি গোটা ঘটনার বিস্তারিত রিপোর্টও খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, এই মামলায় এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *