জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স সরকারের বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার শ্রীনগরের এক জনসভায় তিনি দাবি করেন, তাঁর দলের বিধায়কদের ২০ থেকে ৩০ কোটি টাকা, মন্ত্রীপদ এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
ওমরের দাবি, সম্প্রতি তাঁর দলের এক বিধায়ক তাঁকে জানিয়েছেন, এক বিজেপি নেতা—যিনি সুপ্রিম কোর্টের আইনজীবীও—এই প্রস্তাব দিয়েছেন। টাকা ও পদ দিয়ে কাজ না হওয়ায় এখন গোপনে বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “২০ কোটি তো দূরের কথা, ১০০ কোটি টাকা দিলেও ন্যাশনাল কনফারেন্সের একজন বিধায়কও বিক্রি হবেন না। আমরা জনগণের বিশ্বাস ও নিজের সততা বিক্রি করব না।” পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা সফল হবে না এবং তাঁর ধৈর্যকে দুর্বলতা বলে ভুল না করারও হুঁশিয়ারি দেন।
ওমর আবদুল্লার এই অভিযোগ সামনে আসতেই জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


