‘গোমূত্র বিশেষজ্ঞ’ মন্তব্যে প্রিয়াঙ্কাকে একহাত ২১৫ শিক্ষাবিদের, আইআইটি ডিরেক্টর বিতর্কে নতুন মোড়

Spread the love

আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষের অভিযোগে এবার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে সরব হলেন দেশের ২১৫ জন শিক্ষাবিদ। উপাচার্য, অধ্যাপক-সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সই করা এক খোলা চিঠিতে দাবি করা হয়েছে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন শিক্ষাবিদকে বিদ্রূপ করে আক্রমণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষাবিদদের বক্তব্য, ভি কামাকোটির গবেষণা, কাজ বা যুক্তির সঙ্গে দ্বিমত থাকলে তার সমালোচনা করা যেত। কিন্তু তাঁকে একটি বিশেষ তকমা দিয়ে হেয় করা শুধু ব্যক্তিগত আক্রমণই নয়, দেশের বৈজ্ঞানিক ও বৌদ্ধিক পরিসরের পক্ষেও ক্ষতিকর। চিঠিতে আরও বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা যেমন জরুরি, তেমনই শিক্ষাবিদদের মর্যাদাও সমানভাবে রক্ষা করা প্রয়োজন।

বিতর্কের সূত্রপাত নিট প্রশ্নফাঁসের পর কেন্দ্রের গঠিত পরীক্ষা সংস্কার টাস্ক ফোর্সকে ঘিরে। সেই কমিটি নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “রাধাকৃষ্ণ কমিটির সুপারিশই কার্যকর হয়নি। এখন নতুন কমিটিতে আইবি প্রধান, তথ্যপ্রযুক্তি সংস্থার প্রধান, এমনকি এক গোমূত্র বিশেষজ্ঞও রয়েছেন। এঁরা শিক্ষাব্যবস্থা সম্পর্কে কী বোঝেন?” যদিও তিনি কারও নাম নেননি, রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর মন্তব্যের লক্ষ্য ছিলেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি।

উল্লেখ্য, ২০২৫ সালে এক অনুষ্ঠানে ভি কামাকোটি দাবি করেছিলেন, এক সন্ন্যাসী গোমূত্র পান করার পর দ্রুত জ্বর থেকে সুস্থ হয়ে ওঠেন। পাশাপাশি, হজম সংক্রান্ত কিছু সমস্যায় গোমূত্র উপকারী হতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি। সেই বক্তব্য ঘিরে সে সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই প্রসঙ্গ টেনেই প্রিয়াঙ্কার মন্তব্য এবং তার জেরে ২১৫ জন শিক্ষাবিদের প্রতিবাদপত্র নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *