ফুটপাথে নাতির দুধ গরম, অগ্নিমিত্রাকে নিশানা মমতার, ‘মায়ের অভিশাপ’ মন্তব্যে নতুন বিতর্ক

Spread the love

পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করা বৃদ্ধাকে অগ্নিমিত্রা পালের ধমক দেওয়ার ঘটনাকে ঘিরে বিতর্ক থামার নাম নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” একইসঙ্গে অসহায় ওই পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

ঘটনাটি কয়েক দিন আগের। অভিযোগ, পার্ক স্ট্রিটের ফুটপাথে বসেই নাতির জন্য দুধ গরম করছিলেন এক বৃদ্ধা। ফুটপাথে আগুন জ্বালিয়ে দুধ গরম করায় বিপদের আশঙ্কার কথা জানিয়ে তাঁকে সেই কাজ বন্ধ করতে বলেন অগ্নিমিত্রা পাল। বৃদ্ধার কাছে তাঁর বাড়ির ঠিকানাও জানতে চান তিনি।

জবাবে অসহায় ওই মহিলা বলেন, “বাড়ি থাকলে কী আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে!” তাঁর দাবি, প্রায় ৫০ বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাথই তাঁর ঠিকানা। ঘটনাটি সামনে আসতেই অগ্নিমিত্রার ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, অসহায় পরিবারের পরিস্থিতি না বুঝেই কি তাঁকে দুধ গরম করতে বাধা দেওয়া উচিত হয়েছিল?

যদিও বিতর্কের মধ্যেই সোমবার নিজের অবস্থান স্পষ্ট করেন অগ্নিমিত্রা। ভিডিও বার্তায় তিনি বলেন, কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, শুধু ফুটপাথ থেকে সরে যেতে বলা হয়েছিল। একইসঙ্গে তিনি স্বীকার করেন, “হয়তো বুঝিয়ে বলা উচিত ছিল।”

কিন্তু তাতেও বিতর্ক পুরোপুরি থামেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মায়ের অভিশাপ’ মন্তব্যের পর ঘটনাটি নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। অসহায় ওই পরিবারটির দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করে মমতা যে বার্তা দিলেন, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *