ছুটির মুহূর্তে সমুদ্রসৈকতে সময় কাটানো, সার্ফিং থেকে শুরু করে আগামী ছবির ঝলক—প্রিয়াঙ্কা চোপড়ার সাম্প্রতিক ইনস্টাগ্রাম অ্যালবামে রয়েছে নানা রঙের ছবি। তবে সবকিছুকে ছাপিয়ে নেটিজেনদের নজর কেড়েছে মেয়ে মালতী মেরির মুখে গায়ত্রী মন্ত্র পাঠের একটি ভিডিও। মায়ের কোলে বসে সাবলীলভাবে মন্ত্র পাঠ করছে ছোট্ট মালতী। সামনে বাড়ির ছোট্ট মন্দির। মেয়ের মুখে প্রার্থনা শুনে মুগ্ধ প্রিয়াঙ্কাও। হাসিমুখে মেয়ের প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগীরা। একজন লিখেছেন, উচ্চারণে প্রার্থনার এই মাধুর্য মন ছুঁয়ে গেল। মা হিসেবে প্রিয়াঙ্কা মেয়েকে দারুণভাবে বড় করে তুলছেন। আর এক অনুরাগীর মন্তব্য, বিশ্বমঞ্চের তারকা হয়েও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। মেয়েকেও সেই মূল্যবোধেই বড় করছেন তিনি।
প্রিয়াঙ্কার এই অ্যালবামে রয়েছে আরও এক মজার মুহূর্ত। এসএস রাজামৌলির আগামী ছবি ‘বরাণসী’র শুটিং সেটেও হাজির হয়েছিল মালতী। একটি ছবিতে দেখা যাচ্ছে, কানে হেডফোন লাগিয়ে বসে রয়েছে সে। হেডফোনে লেখা ‘প্রোডিউসার’। অন্য একটি ছবিতে চিত্রনাট্য হাতে নিয়ে সেটি দেখতেও দেখা গিয়েছে তাকে। এই ছবি দেখে এক অনুরাগী মজা করে লিখেছেন, মালতীকে প্রযোজকের ভূমিকায় দেখার অপেক্ষায় রইলাম!
ছবিগুলির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ইদানীং। ব্যস্ততার মধ্যেও স্বপ্নের মতো এক জায়গায় রয়েছি।’ অ্যালবামে মা-মেয়ের সমুদ্রসৈকতে সময় কাটানোর ছবিও রয়েছে। কোথাও বালির মধ্যে খেলছে মালতী, কোথাও আবার ছবি আঁকায় ব্যস্ত সে। পরিবারের সঙ্গে সার্ফিংয়ের মুহূর্তও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এসএস রাজামৌলির পরিচালনায় ‘বরাণসী’ ছবিতে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে দেখা যাবে তাঁকে। ২০২৭ সালের এপ্রিল মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা। রাজামৌলির সঙ্গে এটাই প্রিয়াঙ্কার প্রথম কাজ। ছবির শুটিংয়ের সময় মেয়েকেও ভারতে নিয়ে এসেছিলেন অভিনেত্রী। কাজের ব্যস্ততার মাঝেও যে মাতৃত্বের প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন তিনি, সাম্প্রতিক এই অ্যালবাম যেন তারই প্রমাণ।


