‘রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজে’ মন্তব্যে তদন্তভার সিআইডির, চাপে অভিষেক

Spread the love

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া ‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলার তদন্তভার এবার রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে গেল। বিধায়কদের সই জালিয়াতি মামলার তদন্ত ইতিমধ্যেই সিআইডি করছে। তার মধ্যেই নতুন এই পদক্ষেপে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, এতদিন পুলিশ যে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিল, তার সবকিছুই সিআইডির তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের সঙ্গে যুক্ত ফেসবুক পোস্ট, ভিডিও লিঙ্ক এবং অন্যান্য ডিজিটাল তথ্যও খতিয়ে দেখা হবে। নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভায় বলেছিলেন, ফল ঘোষণার পরে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজেও বাজবে। সেই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।

বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের পাশাপাশি ওই ‘ডিজে মন্তব্য’-এরও উল্লেখ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছিল। এখন মামলাটি সিআইডির হাতে যাওয়ায় তদন্তের গতি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, বিধায়কদের সই জালিয়াতি মামলায় বৃহস্পতিবার সিআইডির তদন্তকারীদের মুখোমুখি হন ডায়মন্ড হারবারের সাংসদ। এর আগে এই মামলায় গ্রেফতারি বা কড়া পদক্ষেপের আশঙ্কা থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

শুনানির সময় বিচারপতি কৌশিক চন্দ অভিষেকের তদন্তে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। আদালতে বিচারপতি স্পষ্ট জানান, তদন্তে সহযোগিতা করা থেকে কেউ বিরত থাকতে পারেন না। পরে আদালত অভিষেককে ২১ দিনের রক্ষাকবচ দিলেও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ মেনেই এদিন সিআইডি দপ্তরে উপস্থিত হয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন ডিজে মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তও সিআইডির হাতে চলে যাওয়ায় তাঁর আইনি ও রাজনৈতিক চাপ আরও বাড়ল বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *