অফিসযাত্রীদের স্বস্তি, শিয়ালদহ ডিভিশনে বাড়ছে লোকাল ট্রেন পরিষেবা

Spread the love

নিত্যযাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ করল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন ব্যস্ত রুটে অতিরিক্ত ইএমইউ (EMU) ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জুন থেকে শিয়ালদহ–ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ–হাসনাবাদ শাখায় নতুন পরিষেবা চালু হবে। পাশাপাশি একটি বিদ্যমান ট্রেনের পরিষেবাও সম্প্রসারিত করা হয়েছে।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখায় বিশেষ পরিষেবা চালু হবে। নতুন ট্রেনটি সোনারপুর থেকে সকাল ৬টা ৫ মিনিটে ছেড়ে ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৭টা ১০ মিনিটে।

অফিস টাইমে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহগামী ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে আরও একটি নতুন ট্রেন চালানো হচ্ছে। সেটি ডায়মন্ড হারবার থেকে সকাল ৭টা ২২ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ৮টা ৫৮ মিনিটে।

এছাড়াও, শিয়ালদহ থেকে সোনারপুরের মধ্যে নতুন একটি ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি সকাল ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১০টা ১০ মিনিটে সোনারপুর পৌঁছবে।

হাসনাবাদ শাখাতেও বাড়ছে পরিষেবা। নতুন ট্রেনটি হাসনাবাদ থেকে বিকেল ৩টা ২০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে বিকেল ৪টা ৩৯ মিনিটে। এই ট্রেনটি প্রতিদিন চলবে বলে জানানো হয়েছে।

শুধু নতুন ট্রেনই নয়, একটি বিদ্যমান পরিষেবারও সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত চলা আপ ৩৩৪৩১ বারাসত লোকাল এবার হাসনাবাদ পর্যন্ত যাবে। ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ৮টা ৫৮ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে সকাল ১১টা ৬ মিনিটে।

এদিকে, যাত্রীদের একাংশের তরফে ভিড় কমাতে মহিলা কোচের সংখ্যা কমানোর দাবি উঠলেও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে রেল। পূর্ব রেল স্পষ্ট জানিয়েছে, শিয়ালদহ ডিভিশনের সব ট্রেনেই মহিলাদের জন্য সংরক্ষিত তিনটি কোচ আগের মতোই থাকবে। মহিলা যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিষেবা পরিচালনা করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *