বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে সকাল থেকেই বুথে বুথে ভোটারদের ভিড়। রাজ্যের ১৬টি জেলায় আজ শুরু হয়েছে প্রথম দফার ভোট। এই পর্বে একাধিক হেভিওয়েট প্রার্থী ও বিদায়ী মন্ত্রী ভাগ্য পরীক্ষা দিচ্ছেন।
বীরভূমের বোলপুরে ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, কালিকাপুর বুথে কন্যা সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল। ভোট দেওয়ার পর তিনি সংক্ষিপ্তভাবে জানান, শান্তিপূর্ণ ভোটের আশাই করছেন তিনি।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের সবং কেন্দ্রেও সকালেই ভোট দেন রাজ্যের বিদায়ী মন্ত্রী মানস ভুঁইয়া। স্ত্রীকে সঙ্গে নিয়েই বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সবং কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন মানস ভুঁইয়া। এবারের নির্বাচনেও একই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
প্রথম দফার ভোটে বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একাধিক কেন্দ্র থাকায় সকাল থেকেই প্রশাসনের নজরদারি কড়া করা হয়েছে।


