ভারতীয় ক্রিকেটে আরেক ‘দ্রাবিড়’-এর আগমনের অপেক্ষা শুরু হয়ে গেল। একসময় যিনি ভারতের ব্যাটিংয়ের দুর্ভেদ্য প্রাচীর ছিলেন, সেই রাহুল দ্রাবিড়ের পর এবার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ১৭ বছরের এই ডানহাতি ব্যাটার।
ছোটবেলা থেকেই ক্রিকেটের পরিবেশে বড় হওয়া অন্বয় ও তাঁর দাদা সমিত দ্রাবিড় দু’জনেই বয়সভিত্তিক ক্রিকেটে নিজেদের মেলে ধরেছেন। সমিত কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেললেও এখনও জাতীয় দলের ডাক পাননি। তবে ভাই অন্বয় সেই সুযোগ পেয়ে গেলেন দাদার আগেই।
সম্প্রতি বিনু মাঁকড় ট্রফিতে কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেন অন্বয়। শুধু নেতৃত্বই নয়, ব্যাট হাতেও নজর কেড়েছেন তিনি। টুর্নামেন্টে ৬ ইনিংসে ২২০ রান করেন এই তরুণ ক্রিকেটার। এর মধ্যে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৮২ রানের অপরাজিত ইনিংস বিশেষভাবে নির্বাচকদের নজর কাড়ে।
মিডল অর্ডারে ব্যাট করা অন্বয়ের খেলায় অনেকেই বাবার ধৈর্য ও টেকনিকের ছাপ খুঁজে পাচ্ছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিচয় গড়ে তোলার পথ এখনও দীর্ঘ, তবুও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়া তাঁর ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক।
শ্রীলঙ্কা সফরে অন্বয়ের পারফরম্যান্স এখন নজরে থাকবে ক্রিকেটপ্রেমীদের। কারণ, ভারতীয় ক্রিকেটে ‘দ্য ওয়াল’-এর উত্তরসূরি কতটা সফল হন, সেই কৌতূহল ইতিমধ্যেই তৈরি হয়েছে।


