রাজনীতিতে সময়ের ব্যবধান কখনও কখনও মাত্র কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে নিয়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। আর রাত গড়াতেই এল বড় ঘোষণা। রাজ্যসভার উপনির্বাচনে এই তিন নেতাকেই প্রার্থী করল বিজেপি।
বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীদের নাম ঘোষণা করে। বিকেলে সল্টলেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের রাজ্যসভায় পাঠানো নিয়ে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের রাজনৈতিক ধাক্কার আবহে রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। সুখেন্দুশেখর ও প্রকাশের সাংসদ হিসেবে মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত, আর সুস্মিতা দেবের মেয়াদ ছিল ২০৩০ পর্যন্ত। তাঁদের পদত্যাগে শূন্য হওয়া তিনটি আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
একসময় তৃণমূলের হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করা এই তিন নেতাই এবার বিজেপির প্রতীকে ফের উচ্চকক্ষে যাওয়ার লড়াইয়ে নামছেন। দলবদলের পর এত দ্রুত প্রার্থীপদ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।


