‘২১ জুলাইয়ের মঞ্চে আসুন’, মমতাকে কংগ্রেসের খোলা আমন্ত্রণ! শুভঙ্করের কটাক্ষ— ‘ভুল স্বীকার করলেই হবে প্রায়শ্চিত্ত’

Spread the love

২১ জুলাই শহিদ দিবসকে ঘিরে এ বছর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের দুই শিবির আলাদা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে দীর্ঘ কয়েক দশক পর শহিদ মিনারে শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই মঞ্চ থেকেই এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে আমন্ত্রণ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

মঙ্গলবার শহিদ মিনারে সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে শুভঙ্কর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই সৎ সাহস দেখাতে চান, তাহলে ইতিহাস বিকৃত না করে এই মঞ্চে এসে স্বীকার করুন যে ভুল হয়েছিল। তখন আন্দোলন হয়েছিল যুব কংগ্রেসের পতাকার তলায়। শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে চাইলে সেই ইতিহাস মেনে নিতেই হবে।”

এরপরই আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “ভুল স্বীকার করলে উনি মানসিক শান্তি পাবেন। দল ছাড়ার সিদ্ধান্ত ভুল ছিল— এটা যদি স্বীকার করে শহিদদের শ্রদ্ধা জানান, তাহলে সেটাই হবে তাঁর প্রায়শ্চিত্ত। এই মঞ্চে তাঁকে স্বাগত।”

উল্লেখ্য, বহু বছর পর এবার বিধান ভবনের পরিবর্তে শহিদ মিনারে ২১ জুলাইয়ের কর্মসূচি করছে প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যেই প্রশাসনিক অনুমতিও মিলেছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ২১ জুলাইয়ের শহিদ স্মরণের মূল চেতনা সময়ের সঙ্গে রাজনৈতিকভাবে বদলে গিয়েছে। পাশাপাশি, ১৯৯৩ সালের গুলি চালানোর ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের ভূমিকা সংক্রান্ত নথি প্রকাশের দাবিও তুলেছে প্রদেশ কংগ্রেস।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *