দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রী অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন বহুদিন। অস্ত্রোপচার ও চিকিৎসার ধকল পেরিয়ে এবার আবার ফিরছেন ক্যামেরার সামনে। স্বামী শোয়েব ইব্রাহিম আগেই জানিয়েছিলেন, দীপিকার চিকিৎসা দীর্ঘদিন চলবে, তবে মানসিক জোরে হার না মেনেই লড়াই চালিয়ে যাচ্ছেন দীপিকা।
এবার শোনা যাচ্ছে, ২০২৬ সালে এক নতুন ধারাবাহিকের মাধ্যমে পর্দায় ফিরছেন দীপিকা। চমকপ্রদ বিষয়, এই ধারাবাহিকে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ‘মধুবালা’ ও ‘শক্তি’ খ্যাত অভিনেতা ভিভিয়ান ডি’সেনা। বিগবসের ঘরে একসময় একসঙ্গে থাকলেও এবার প্রথমবারের মতো ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা।
লাইভে এক অনুরাগীর প্রশ্নে দীপিকা বলেছিলেন, “আমি খুবই চাই অভিনয়ে ফিরতে। চিকিৎসকের কাছেও অনুমতির অপেক্ষায় আছি।” পাশাপাশি জানান, ছেলেকে বড় করে তবেই ফিরবেন ঠিক ছিল, কিন্তু জীবনের ছন্দ হঠাৎ করেই পাল্টে যায়।
অনুরাগীরা ইতিমধ্যেই আশায় বুক বেঁধেছেন—২০২৬ সালের সেই নতুন ধারাবাহিক ফের উপহার দেবে ছোটপর্দার এক নতুন হিট জুটি।


