লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্সের নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন গৌরী খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন Knight Riders Cricket Ground-এর একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবের রূপ পেয়েছে।
পোস্টের ক্যাপশনে গৌরী লেখেন, “What started as a dream for the Knight Riders is now a reality. Welcome to the Knight Riders Cricket Ground, LA.” তাঁর এই বার্তা মুহূর্তের মধ্যেই অনুরাগীদের নজর কাড়ে। অনেকেই কমেন্টে শাহরুখ খান ও নাইট রাইডার্স গ্রুপকে শুভেচ্ছা জানিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার পোমোনায় অবস্থিত এই স্টেডিয়ামটি এখন থেকে মেজর লিগ ক্রিকেটে (MLC) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স-এর হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। আন্তর্জাতিক মানের এই ক্রিকেট গ্রাউন্ডকে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ।
উল্লেখ্য, নাইট রাইডার্স ব্র্যান্ড ইতিমধ্যেই ভারত, ক্যারিবিয়ান ও সংযুক্ত আরব আমিরশাহিতে নিজেদের উপস্থিতি তৈরি করেছে। এবার লস অ্যাঞ্জেলেসে নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম চালুর মাধ্যমে সেই আন্তর্জাতিক যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হল। গৌরী খানের আবেগঘন পোস্ট সেই সাফল্যেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


