দীর্ঘ পনেরো বছর ধরে রাজনীতির ময়দান থেকে কার্যত দূরেই ছিলেন টলিউড সুপারস্টার জিৎ। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ২০৭ আসনে জয়ের পর থেকেই বদলাতে শুরু করেছে সেই ছবি। শনিবার ব্রিগেডের মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর রবিবারই সোশাল মিডিয়ায় ‘মোদির গ্যারান্টি’ নিয়ে দীর্ঘ পোস্ট করে নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন অভিনেতা।
পোস্টে জিৎ লেখেন, এই জয় শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, মানুষের প্রতি এক বড় অঙ্গীকার। বাংলার সংস্কৃতি, শিক্ষা, গৌরব ও অস্মিতা দীর্ঘদিন ধরে অবমূল্যায়িত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তাঁর আশা, বিজেপি সরকার বাংলার জন্য নতুন সকাল ও নতুন আলোর দিশা নিয়ে আসবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মোদির গ্যারান্টি’-র উপর কোটি কোটি মানুষের বিশ্বাস রয়েছে বলেও উল্লেখ করেন অভিনেতা। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ আবারও ‘সোনার বাংলা’ হয়ে হারানো গৌরব ফিরে পাবে। পোস্টের শেষে ‘জয় হিন্দ’ স্লোগানও দেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এতদিন নানা বিতর্ক, টলিউডের অন্দরের সংঘাত কিংবা ফেডারেশন রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন জিৎ। যখন ইন্ডাস্ট্রির ভেতরে ক্ষমতার প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে, তখনও প্রকাশ্যে কোনও অবস্থান নিতে দেখা যায়নি তাঁকে। সেই জায়গা থেকেই এবার বিজেপির প্রকাশ্য সমর্থনে তাঁর সরব হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, অভিনেতা দেব অতীতে শাসকদলের অন্দরে থেকেও টলিউডে সমতা ও স্বচ্ছতার দাবি তুলেছিলেন। ফলে এখন প্রশ্ন উঠছে, দেবের পথেই কি এবার রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন জিৎ? নাকি এটা শুধুই নতুন সরকারের প্রতি শুভেচ্ছা বার্তা? আপাতত সেই জল্পনাই তুঙ্গে।


