মিছিলের মঞ্চে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই সুর বদলাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে নাম না করেই কাকলি ঘোষ দস্তিদার ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশে তিনি ঘরে ফেরার আহ্বান জানান। তাঁর বক্তব্য, বিজেপির আশ্রয় না নিয়ে অন্তত দলের কর্মীদের কথা ভেবে পরিবারে ফিরে এসে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা উচিত।
মমতা বলেন, “এখনও সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে আসুন। একবার কর্মীদের কথা ভাবুন। এই কর্মীরাই আপনাদের জন্য রক্ত দিয়েছে। বেইমানদের কথায় বেইমানি করবেন না।”
এর কয়েক ঘণ্টা আগেই বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত তৃণমূলের প্রতিবাদ মিছিলে অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন তিনি। দলের কর্মীদের উপর পুলিশি নির্যাতনের জন্য বিদ্রোহীদের দায়ী করে মমতা অভিযোগ করেন, তাঁদের কারণেই কর্মীদের উপর অত্যাচার বেড়েছে। একই সঙ্গে তিনি বলেন, “যাঁরা বেইমান, তাঁদের ক্ষমা করবেন না। ওরা বিজেপির দোসর হয়ে গিয়েছে।”
মিছিলের মঞ্চ থেকেই বিদ্রোহীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন, দলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়ে এখন আর দ্বৈত অবস্থান নেওয়া চলবে না। তাঁর কথায়, “হয় আমাদের সঙ্গে তৃণমূল করুন, নাহলে সরাসরি বিজেপির কোলে গিয়ে দুলুন।”


