লোটে মাছের গন্ধে টান! রাস্তা থেকে সরাসরি বাড়িতে ঢুকে মধ্যাহ্নভোজে বসলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়

Spread the love

ভোটের আগে বাংলার খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক তরজা ছিল তুঙ্গে। বিরোধী তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ তুলেছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংসের সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হবে। তবে বিজেপি সরকার গঠনের পর সেই বিতর্কের মাঝেই সামনে এল এক ভিন্ন ছবি।

সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এলাকা পরিদর্শনে গিয়ে লোটে মাছের তরকারির গন্ধে আকৃষ্ট হয়ে সরাসরি এক স্থানীয় বাসিন্দার বাড়িতে ঢুকে পড়েন। শুধু তাই নয়, গৃহকর্ত্রীর আমন্ত্রণে বসে ভাতের সঙ্গে লোটে মাছের তরকারিও উপভোগ করেন তিনি।

ঘটনাটি গত বৃহস্পতিবারের। সেদিন স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে সোনারপুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সেই সময় একটি বাড়ি থেকে ভেসে আসা রান্নার গন্ধ তাঁর নজর কাড়ে। তিনি জানতে চান কোন বাড়িতে রান্না হচ্ছে। পরে জানলা দিয়ে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে লোটে মাছের তরকারিই রান্না হচ্ছে।

এরপর মজার ছলেই মাছের তরকারি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বিধায়ক। বাড়ির সদস্যরা তাঁকে সাদরে আমন্ত্রণ জানান। একটি সাধারণ নিম্নবিত্ত পরিবারের বাড়িতে ঢুকে চেয়ারে বসে হাত ধুয়ে স্টিলের প্লেটে ভাত ও লোটে মাছের তরকারি খেতে শুরু করেন রূপা। উপস্থিত স্থানীয়দের অনেকেই এই দৃশ্য দেখে বিস্মিত হন।

খাওয়া শেষে বিধায়ক জানান, “গন্ধটা দারুণ বেরোচ্ছিল। তাই আর লোভ সামলাতে পারিনি।”

রূপা গঙ্গোপাধ্যায়ের এই সহজ-সরল আচরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে তাঁর আন্তরিক মেলামেশার ছবি ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। গৃহকর্ত্রীও বিধায়ককে নিজের হাতে রান্না করা মাছের তরকারি খাওয়াতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *