৫৫-এ পা দিলেন সইফ আলি খান, আর জন্মদিনে স্বামীর জন্য করিনার সারপ্রাইজ যেন একেবারে হট অ্যান্ড হ্যাপেনিং! সাদা বিকিনিতে বেবো, লাল শর্টসে নবাব—সমুদ্রের ধারে যুগলের ছবিতে ফের উষ্ণ হল ‘তশন’-এর পুরনো রসায়ন।
স্বাধীনতা দিবসের ঠিক পরের দিনই জন্মদিন সইফ আলি খানের। ১৬ অগস্ট ৫৫ বছরে পা দিলেন পতৌদি পরিবারের নবাব। বিশেষ দিনটি শহরের কোলাহল থেকে দূরে ছুটির মেজাজেই কাটাচ্ছেন সইফ। আর স্বামীর জন্মদিনকে আরও স্পেশাল করে তুলতে তাঁদের হলিডে ডায়েরির একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন করিনা কাপুর খান।
করিনার পোস্ট করা ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সইফের সঙ্গে তাঁর একটি ছবি। সাদা বিকিনিতে করিনা, গায়ে সাদা শার্ট আর লাল শর্টসে সইফ। সমুদ্রের নীল জল, বিকেলের আলো আর দু’জনের অন্তরঙ্গ মুহূর্ত—সব মিলিয়ে যেন পর্দার ‘তশন’ আবার বাস্তবে ফিরে এসেছে। বয়স শুধু সংখ্যাই, সইফ-করিনার রসায়ন যে এখনও আগের মতোই উষ্ণ, ছবি দেখেই তা স্পষ্ট।
আর এই ছবির সঙ্গে ‘তশন’-এর যোগও বেশ গভীর। ২০০৮ সালে মুক্তি পাওয়া সেই ছবির শুটিং সেটেই সইফ-করিনার প্রেমের সূত্রপাত। তাই জন্মদিনের বিশেষ ছবির সঙ্গে ‘দিল ডান্স মারে’ গান জুড়ে পুরনো স্মৃতিতেই ফিরলেন বেবো। যেন সইফের জন্মদিনে নতুন করে তাঁদের প্রেমের গল্পের প্রথম অধ্যায়টাই খুলে বসলেন করিনা।
স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করিনা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার চিরদিনের রাইড অর ডাই। তোমাকে ছাড়া জীবনটা একেবারে বেরঙিন হত।’ কয়েকটি শব্দেই বুঝিয়ে দিয়েছেন, এত বছর পরেও তাঁর জীবনে সইফের জায়গাটা কতটা বিশেষ।
সইফ অবশ্য সোশাল মিডিয়া থেকে বরাবরই দূরে থাকেন। তাই তাঁর অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আনেন না করিনা। জন্মদিনের এই পোস্টেও সেই বিষয়টি উল্লেখ করেছেন অভিনেত্রী। তবে বিশেষ দিনে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁদের ব্যক্তিগত জীবনের বেশ কিছু সুন্দর মুহূর্ত।
কোথাও সমুদ্রের ধারে পাশাপাশি বসে সময় কাটাচ্ছেন সইফ-করিনা, কোথাও আবার মিরর সেলফিতে ধরা পড়েছে তাঁদের খুনসুটি। রোম্যান্সের পাশাপাশি ছবিতে রয়েছে হাসি-মজা আর দাম্পত্যের চেনা বন্ধুত্ব। আরও একটি ছবিতে গাড়ির স্টিয়ারিংয়ে দেখা গিয়েছে সইফকে। পাশে খোলা চুলে রোদচশমা পরে বসে করিনা। তবে ঠিক কোথায় গিয়ে এই ছুটি কাটাচ্ছেন, তা খোলসা করেননি বেবো।
২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। দুই সন্তান, কেরিয়ারের ব্যস্ততা, জীবনের নানা ওঠাপড়ার মাঝেও সইফ-করিনার সম্পর্কের রসায়নে যে এতটুকু মরচে পড়েনি, জন্মদিনের এই ছবিগুলিই যেন তার প্রমাণ। নবাবের ৫৫তম জন্মদিনে তাই কেকের থেকেও বেশি চর্চায় বেবোর ‘তশন’ লুক আর সইফিনার চিরসবুজ প্রেম।


