অভিনেত্রী তৃষাকে নিয়ে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের কথিত আপত্তিকর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এবার বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশনের (NCW) দ্বারস্থ হলেন অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাজাগম (TVK)। উদয়নিধির মন্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর’ ও ‘উদ্বেগজনক’ বলে অভিযোগ করেছে TVK।
সোমবার তাঞ্জাভুরে কাবেরী জল নিয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখছিলেন উদয়নিধি। সেই সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা TVK প্রধান বিজয়কে নিশানা করে কাবেরীর জল নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আক্রমণ শানাচ্ছিলেন তিনি। বক্তৃতার মাঝেই দর্শকদের একাংশ ‘তৃষা, তৃষা’ বলে চিৎকার করতে শুরু করেন।
অভিযোগ, এরপরই উদয়নিধি এমন একটি মন্তব্য করেন, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের দাবি, তাঁর বক্তব্যে ছিল দ্ব্যর্থবোধক ইঙ্গিত এবং অশালীন শব্দচয়ন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
NCW-তে দেওয়া অভিযোগে TVK দাবি করেছে, একজন মহিলা তারকা সম্পর্কে প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ থেকে এ ধরনের ‘ডাবল মিনিং’ মন্তব্য অত্যন্ত আপত্তিকর। দলের বক্তব্য, এই ধরনের মন্তব্য জনজীবনে মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও হেনস্থাকে স্বাভাবিক করে তুলতে পারে।
উদয়নিধির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে (suo motu) পদক্ষেপ করার জন্য জাতীয় মহিলা কমিশনের কাছে আবেদন জানিয়েছে TVK। একই সঙ্গে তাঁকে নোটিস পাঠানোরও দাবি করেছে দলটি।
শুধু NCW-তে অভিযোগ জানিয়েই থামছে না TVK। উদয়নিধিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজয়ের দল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে পুলিশি মামলা করারও দাবি তোলা হয়েছে। TVK-র অভিযোগ, মন্তব্যটি একজন মহিলার মর্যাদাহানি ও শ্লীলতাহানির পর্যায়ে পড়ে।
এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে TVK এবং বিজেপি—দুই পক্ষই। TVK বিধায়ক রেভান্থ চরণ ঘটনাটিকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, এই ধরনের মন্তব্য রাজনৈতিক বক্তব্যের মান এবং জনপরিসরের আলোচনার শালীনতার অবনমনকে সামনে আনে।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে TVK। ফলে তৃষাকে ঘিরে উদয়নিধির মন্তব্য আগামী দিনে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াতে পারে।


