বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জড়িয়ে বড়সড় বিপাকে পড়লেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। বেআইনি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet–এর মামলায় তদন্তে নেমে দুই তারকার প্রায় ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি সূত্রে জানা গিয়েছে, 1xBet–এর মাধ্যমে ১ হাজার কোটি টাকার আর্থিক তছরুপ ও প্রতারণার অভিযোগ উঠেছে। ওই অ্যাপ ব্যবহার করে বহু সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত ৪ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হয় শিখর ধাওয়ানকে। তারও এক মাস আগে প্রশ্নের মুখে পড়েছিলেন সুরেশ রায়না।
তদন্তে জানা গিয়েছে, এই বেআইনি বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন ধাওয়ান ও রায়না। মানুষের বিশ্বাস অর্জনের জন্য তাদের মুখ ব্যবহার করা হয়েছিল বলে দাবি ইডির। রায়নার ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
কেন্দ্র অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগেই ইডি নজর রাখছিল এমন একাধিক প্ল্যাটফর্মের উপরে। সম্প্রতি নতুন আইন অনুযায়ী 1xBet সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে। এই অ্যাপের সঙ্গে কী চুক্তি হয়েছিল, আর্থিক লেনদেন কীভাবে চলত—সব জানতেই জিজ্ঞাসাবাদ করা হয় দুই প্রাক্তন তারকাকে। তদন্তকারীদের দাবি, বছরের পর বছর ধরে বিভিন্ন নামে নিজেদের ব্যবসা বিস্তার করে চলেছিল এই অ্যাপ, এবং সেলেবদের মুখ ব্যবহার করে বাড়ানো হয়েছিল এর বিশ্বাসযোগ্যতা।


