ভোটগণনার আগের দিনেই বিস্ফোরক অভিযোগ। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ মিলল রাস্তায়—এমনই দাবি তৃণমূলের। ঘটনাস্থল মধ্যমগ্রামের নীলগঞ্জ সুভাষনগর এলাকা। একটি পেট্রল পাম্পের সামনে ছড়িয়ে থাকতে দেখা যায় একাধিক স্লিপ।
দলের দাবি, এক কর্মীর চোখে প্রথম ধরা পড়ে বিষয়টি। পরে ছবি ও ভিডিয়ো তুলে তা প্রকাশ্যে আনা হয়। সেই ফুটেজে স্পষ্ট—বিভিন্ন দলের প্রতীক, প্রার্থীর নাম-সহ ভিভিপ্যাট স্লিপ রাস্তায় ছড়িয়ে রয়েছে।
প্রশ্ন উঠছে—যে স্লিপ ভোটদানের পর সরাসরি মেশিনের ভিতরে সুরক্ষিতভাবে জমা পড়ার কথা, তা বাইরে এল কীভাবে?
ভিভিপ্যাট ব্যবস্থায় ভোটার নিজের ভোট যাচাই করতে পারেন মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপর সেই স্লিপ ‘ড্রপবক্স’-এ সংরক্ষিত থাকে। নির্দিষ্ট কিছু বুথে পরে ইভিএমের ফলের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়। সেখানে এই ধরনের স্লিপ রাস্তায় পাওয়া—নিয়মের সম্পূর্ণ বিরোধী বলেই মত অনেকের।
ভোটের ফল ঘোষণার আগে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল সরাসরি নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
এখন দেখার—এই অভিযোগের জবাবে কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।


