বলিউড-টেলিভিশনের জনপ্রিয় মুখ করিশ্মা তান্নার জীবনে এখন শুধুই খুশির হাওয়া। বিয়ের চার বছর পর প্রথম সন্তানের অপেক্ষায় অভিনেত্রী। আর সেই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যে আয়োজন করা হয়েছিল তাঁর সাধভক্ষণের অনুষ্ঠান।
সোশাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল। হবু মায়ের সাজেই যেন নজর কাড়লেন করিশ্মা। ঐতিহ্যবাহী শাড়ি, গা ভর্তি সোনার গয়না আর মুখভরা হাসিতে একেবারে দক্ষিণী কনের লুকে ধরা দিলেন অভিনেত্রী। ক্যামেরার সামনে আদুরে ভঙ্গিতে বেবি বাম্প ফ্লন্ট করতেও দেখা যায় তাঁকে। নেটিজেনদের একাংশের মতে, “মাতৃত্ব যেন করিশ্মার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।”
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে স্ত্রী করিশ্মার কপালে ভালোবাসার চুমু এঁকে দেন স্বামী বরুণ বাঙ্গেরা। সেই ভিডিও শেয়ার করেই আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন,
“প্রথমবার দক্ষিণ ভারতীয় স্টাইলে আমাদের সাধভক্ষণ হল। তুলু রীতি মেনে প্রতিটি অনুষ্ঠান, মন্ত্রোচ্চারণ আর পরিবারের আশীর্বাদ আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলেছিল।”
করিশ্মা আরও জানান, জীবনের এই নতুন অধ্যায় যেন তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। হবু সন্তানের জন্য পরিবারের ভালোবাসা ও আশীর্বাদে ভরে উঠেছিল গোটা অনুষ্ঠান।
২০২১ সালে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে সম্পর্কে জড়ান করিশ্মা। এক বছরের প্রেমের পর ২০২২ সালে ধুমধাম করে বিয়ে করেন তাঁরা। সেই বিয়ের ছবি যেমন সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিল, তেমনই এবার তাঁদের সাধভক্ষণ অনুষ্ঠানও নেটদুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে।
উল্লেখ্য, গত এপ্রিলেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। ‘Mom’ ও ‘Dad’ লেখা ক্যাপ পরে বিশেষ ফটোশুটের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছিলেন করিশ্মা ও বরুণ। ক্যাপশনে লিখেছিলেন,
“আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার আসছে আগস্ট ২০২৬-এ।”


