একদিনে দুই ‘লক্ষ’ ছুঁলেন জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার রাজনীতিতে সমাজমাধ্যমেও শীর্ষে বিজেপি সাংসদ

Spread the love

পুরুলিয়ার রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত নাম জ্যোতির্ময় সিং মাহাতো। দলের প্রার্থীকে ১ লক্ষের বেশি ভোটে জেতানোর সাফল্যের দিনেই তাঁর ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ছুঁয়ে ফেলল ১ লক্ষের গণ্ডি। একই দিনে দুই ‘লক্ষ’ স্পর্শ করায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

জঙ্গলমহলের রাজনীতিতে সমাজমাধ্যমের জনপ্রিয়তায় বহুদিন ধরেই এগিয়ে রয়েছেন পুরুলিয়ার সাংসদ। রাজনৈতিক কর্মসূচি থেকে সাধারণ মানুষের সমস্যার কথা— নিয়মিত পোস্ট এবং লাইভের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। আর সেই কারণেই তাঁর পেজে ভিউ এবং ফলোয়ারের সংখ্যা ক্রমশ বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বর্তমানে পুরুলিয়ার রাজনৈতিক নেতাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় অনেকটাই এগিয়ে জ্যোতির্ময়। যেখানে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর ফলোয়ার প্রায় ৬৫ হাজার, সেখানে জ্যোতির্ময়ের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গিয়েছে। বিজেপির বিধায়ক ময়না মুর্মুর ফলোয়ার ৭৪ হাজার হলেও জেলার রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে শীর্ষে রয়েছেন জ্যোতির্ময়ই।

অন্যদিকে ভোটে হারের পর নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করে দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। রাজনৈতিক মহলের মতে, একদিকে যেখানে সমাজমাধ্যমে জনপ্রিয়তা বাড়ছে জ্যোতির্ময়ের, অন্যদিকে বিরোধী শিবিরে দেখা যাচ্ছে হতাশার ছবি।

সব মিলিয়ে ভোটের ফল হোক বা ভার্চুয়াল দুনিয়া— এই মুহূর্তে পুরুলিয়ার রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে জ্যোতির্ময় সিং মাহাতো।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *