রথযাত্রায় সরকারি অনুদানের ঘোষণা, ১০০ বছরের বেশি পুরনো কমিটিকে ৫ লক্ষ টাকা

Spread the love

রথযাত্রাকে ঘিরে রাজ্যজুড়ে উৎসবের আবহ আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। জেলায় জেলায় এই ধরনের কমিটি চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

সূত্রের দাবি, আগামী ১৩ জুলাই অনুদানের চেক সংশ্লিষ্ট কমিটির অনুমোদিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হতে পারে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজ্যের বিভিন্ন রথযাত্রা কমিটির উদ্দেশে বক্তব্য রাখার সম্ভাবনাও রয়েছে।

শুধু অনুদান নয়, রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের সুবিধা নিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তর সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশিকা পাঠিয়ে রথযাত্রার রুট এবং ভিড়প্রবণ এলাকায় সেবা শিবির তৈরির নির্দেশ দিয়েছে। উল্টোরথের দিনও সেই শিবির চালু রাখতে হবে বলে জানানো হয়েছে। প্রতিটি জেলার জন্য এই কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

সেবা শিবিরে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, জরুরি স্বাস্থ্য পরিষেবা, তথ্যকেন্দ্র এবং প্রবীণ, মহিলা, শিশু ও বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ভক্তবান্ধব পরিষেবাও চালু করা যাবে।

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও রথযাত্রা কমিটি যদি ঐতিহাসিক গুরুত্ব, বিপুল জনসমাগম বা উৎসবের ব্যাপ্তির কারণে অতিরিক্ত আর্থিক সহায়তার দাবি রাখে, তাহলে জেলা প্রশাসন বিস্তারিত রিপোর্ট-সহ সেই সুপারিশ রাজ্যের কাছে পাঠাতে পারবে।

রথযাত্রার আগে পুলিশ, স্বাস্থ্য, দমকল, পূর্ত, পরিবহণ, পুরসভা, পঞ্চায়েত, রথযাত্রা কমিটি ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ে সমন্বয় বৈঠক করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, উৎসব চলাকালীন নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা এবং জরুরি পরিষেবায় যাতে কোনও ঘাটতি না থাকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *